যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলবর্তী অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও এতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে করা প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চল কেপ ম্যানডোসিনোতে কম্পনটি অনুভূত হয়। এতে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কয়েকটি ভবনের কাঁচ ভেঙে পড়া ও তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হামবোল্ট কাউন্টির শেরিফের দফতর থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ক্যালিফোর্নিয়ার লস্ট কোস্ট এলাকার পশ্চিমের ছোট্ট গ্রাম পেট্রোলিয়ার পাথুরে এলাকা থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
কিন্তু সমুদ্রের ভূপৃষ্ঠের গভীরে উৎপত্তি ঘটলেও ফল্ট সিস্টেমের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে এক টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন ভূতত্ত্ববিদ লুসি জোনস।
হামবোল্ট কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র সামান্থা কার্গেস ইমেইলের মাধ্যমে পাঠানো বার্তায় রয়টার্সকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় বেলা ১২ টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ওই অঞ্চলটিতে জনবসতি বিরল হওয়ায় কাউকে সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
কার্গেস আরও জানান, রাস্তাঘাটের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা পরীক্ষা করতে কর্মী ও অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে। ভূকম্পনের কারণে পাথর ভেঙে রাস্তায় পড়ায় দুটি সড়ক বন্ধ ছিল বলেও তিনি জানিয়েছেন।
টুইট বার্তায় তার বিভাগ জানিয়েছে, দক্ষিণের উপকূল বরাবর অসংখ্যবার পরাঘাত রেকর্ড করা হয়েছে।
এর আগে ১৯৯২ সালে এই অঞ্চলে একাধিক ভূমিকম্পের ফলে প্রায় এক হাজার ১০০ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে লস অ্যাঞ্জেলস টাইমসের রিপোর্টে বলা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৯২ সালের ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৭ দশমিক ২ মাত্রার ছিল। সোমবারের ভূমিকম্পের চেয়ে তা প্রায় ১০ গুণ বেশি শক্তিশালী ছিল।